দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মেয়াদ পরিবর্তন করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ কীটনাশকের গায়ে থাকা মেয়াদ মুছে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদ উল্লেখ করে বিক্রি করা হচ্ছিল। এছাড়া ২৩০ টাকা মূল্যের একটি কীটনাশকের গায়ে ২৮০ টাকা মূল্য লিখে বিক্রি করা হচ্ছিল।
এ সময় আরও অভিযোগ পাওয়া যায়, বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ এবং কীটনাশক এনে নিজেদের সিল ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল, যা কৃষকদের সঙ্গে প্রতারণার শামিল।
অভিযান চলাকালে একাধিক কৃষক ওই প্রতিষ্ঠান থেকে প্রতারিত হওয়ার অভিযোগ করেন।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘অভিযানে বীজ, সার-কীটনাশক ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এমএস/